এক ডলারে ৩০ লাখ রিয়াল, ইতিহাসের সর্বনিম্নে ইরানের মুদ্রা

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধে চাপে অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম।
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) দেশটির মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হয়েছে প্রায় ৩০ লাখ ইরানি রিয়াল। এতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে দেশটির মুদ্রার মূল্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মুক্তবাজারের বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোন-বাস্টের তথ্যে শনিবার প্রতি ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ছিল ২৯ লাখ ৯২ হাজার। আগের দিন শুক্রবার এই হার ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।
অন্যদিকে, অ্যালানচেন্ডের তথ্য অনুযায়ী, শনিবার এক ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার দাঁড়ায় ২৯ লাখ ৯৯ হাজারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অবরোধ এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ইরানের অর্থনীতিকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে দেশটির মুদ্রাবাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই ইরানের অর্থনীতি দুর্বল অবস্থায় ছিল। যুদ্ধ শুরুর পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এই সংকটের অন্যতম কারণ হিসেবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কথা উল্লেখ করা হয়েছে। গত জুলাই থেকে কার্যকর থাকা এই অবরোধের কারণে সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিকল্প হিসেবে ইরান স্থলপথে পণ্য পরিবহনের চেষ্টা করছে। তবে এই পথেও বাধা সৃষ্টি করতে একটি বিশেষ কর্মদল গঠন করেছে যুক্তরাষ্ট্র।
এর পাশাপাশি চলতি সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং দেশটির ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করাই এসব নিষেধাজ্ঞার লক্ষ্য।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক অবরোধ ও যুদ্ধের প্রভাবে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা আরও বাড়ছে। এর ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তা ক্রমেই তীব্র হচ্ছে।
সূত্র: রয়টার্স।






