সোনার দাম বেড়ে ছাড়াল ২ লাখ টাকা

তিন দিনে তিন দফা মূল্যবৃদ্ধি, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
টুইট প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের দিন এই দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর দুই দফায় প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা করে সোনার দাম বাড়ানো হয়েছিল। ফলে তিন দিনের ব্যবধানে দেশের বাজারে ধারাবাহিকভাবে তিন দফা বাড়ল মূল্যবান এই ধাতুর দাম।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। ঘোষিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া গয়না পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে।






