বোরকা পরে কারখানায় ডাকাতি, লুট আড়াই টন তামার তার

সিসিটিভিতে ছয়জনের প্রবেশের দৃশ্য, নগদ টাকা লুটের অভিযোগ; তদন্তে পুলিশ।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় কারখানা থেকে নগদ টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৫৬ মিনিটে গ্রিল কাটার সরঞ্জাম নিয়ে ছয়জন ব্যক্তি কারখানার কার্যালয়ে প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে ছিল সাদা বোরকা। ডাকাতির ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অন্য ডাকাতির ঘটনার তুলনায় ইউরো গ্যাস কারখানার ঘটনাটি স্বাভাবিক মনে হচ্ছে না। সিসিটিভি ফুটেজে ছয়জনের মধ্যে তিন থেকে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ওসি জানান, কারখানা কর্তৃপক্ষের মৌখিক তথ্য অনুযায়ী, ডাকাতেরা চার থেকে পাঁচ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মিটার তামার তার নিয়ে গেছে। লুট হওয়া তারের ওজন প্রায় আড়াই টন বলে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা হিসাব করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

ডাকাতির ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ তামার তার লুট করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।