দীপুর সেঞ্চুরির পরও ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পাকিস্তানের, এশিয়া কাপ রাইজিং স্টারসে সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের।
শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত সেঞ্চুরির পরও এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান ‘এ’ দল। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যের জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। রিপন মণ্ডলের জোড়া আঘাতে মাত্র ২১ রানেই দুই ওপেনারকে হারায় দলটি। তবে তৃতীয় উইকেটে হাসান নেওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচের চিত্র পাল্টে দেয়।
হাসান নেওয়াজ ৬২ এবং শাহজাইব খান ৫০ রান করে ফিরলেও পাকিস্তানের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফারহান ইউসুফ ৪৬ ও অধিনায়ক আব্দুল সামাদ ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের আলী রাজার জোড়া আঘাতে সাইফ হাসান ২ ও মাহমুদুল হাসান জয় ৯ রান করে সাজঘরে ফেরেন।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলের হাল ধরেন শাহাদাত হোসেন দীপু। দুজনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অঙ্কন ৪২ রান করে আউট হওয়ার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। সুফিয়ান মুকিমের এক ওভারে আরও দুটি উইকেট হারিয়ে ১১৮ রানে পাঁচ ব্যাটারকে হারায় বাংলাদেশ।
পরবর্তী সময়ে এসএম মেহরবকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন শাহাদাত। তবে এরপর মাত্র ২২ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে ১৯২ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
শেষদিকে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন শাহাদাত। শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৫ রান। প্রথম দুই বলে এক রান নেওয়ার পর চতুর্থ বলে স্ট্রাইক ফিরে পান তিনি। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই ব্যাটার।
১১৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন ২৪ বছর বয়সী শাহাদাত। অন্য প্রান্তে রিপন মণ্ডল ১৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দৃঢ়তায় নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
কিন্তু দীপুর ব্যক্তিগত সেঞ্চুরি শেষ পর্যন্ত দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। ব্যাটিংয়ে লড়াই করেও বোলিংয়ে পাকিস্তানের ওপর চাপ ধরে রাখতে না পারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান ‘এ’ দল।






