ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

তিন পৃথক অভিযানে গ্রেপ্তার, উদ্ধার মশাল মিছিলের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও যানবাহন।

টুইট প্রতিবেদক: ময়মনসিংহে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মশাল মিছিলের সরঞ্জাম, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, শুক্রবার কোতোয়ালী মডেল থানা, তারাকান্দা থানা ও জেলা গোয়েন্দা শাখা পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

এর মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মশাল মিছিলের প্রস্তুতিকালে ১২টি বৈঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও মিছিলের ব্যানার উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটরডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা সরঞ্জাম ফেলে পালিয়ে যান।

অন্যদিকে, তারাকান্দা থানা পুলিশের অভিযানে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজারে সাইদুল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল রবিন (২৩), মো. জীবন মিয়া (২৫), মো. আসাদিন (৩২), নূর আলম (৩৩), তুহিন ইসলাম (২৮), সেলিম (২৯), মো. আব্দুল কাদির ও বিল্লাল (৩৭)। এ সময় সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা এবং চার বান্ডেল লাঠি উদ্ধার করা হয়।

এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানার কাঁচিঝুলি মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (১৫), মো. আরাফাত (১৬) ও মো. হৃদয় (১৮)। তাঁরা ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।