রাজশাহী থেকে বগুড়া, চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি ট্রেনের উদ্যোগ

চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রংপুরের সঙ্গে সরাসরি ট্রেন চলাচলের পথ সুগম করতে এগোচ্ছে বড় রেল অবকাঠামো প্রকল্প।

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহীর সঙ্গে বগুড়ার সরাসরি রেলযোগাযোগ স্থাপনের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রংপুরের সঙ্গে সরাসরি ট্রেন চলাচলের পথ সুগম করতে বড় ধরনের রেল অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে রাজশাহী-আব্দুলপুর, আব্দুলপুর-মালঞ্চি এবং সান্তাহার-বগুড়া রেলপথে ডুয়েল গেজ লাইন নির্মাণ ও বিদ্যমান লাইন সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে চলছে।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আব্দুলপুর-রাজশাহী এবং আব্দুলপুর-মালঞ্চি সেকশনে বিদ্যমান ব্রডগেজ বা ডুয়েল গেজ লাইনের সমান্তরালে নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণের প্রস্তাব পর্যালোচনা করা হয়। পাশাপাশি সান্তাহার-বগুড়া সেকশনে বিদ্যমান মিটার গেজ লাইনের সমান্তরালে ডুয়েল গেজ লাইন নির্মাণ, পুরোনো মিটার গেজ লাইনকে ব্রডগেজে রূপান্তর এবং সান্তাহার বাইপাস নির্মাণের পরিকল্পনাও আলোচনায় আসে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় রাজশাহী থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করা হবে।

আব্দুলপুর থেকে সান্তাহার জংশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া সান্তাহারে বাইপাস রেলস্টেশন নির্মাণ এবং সান্তাহার থেকে বগুড়া পর্যন্ত বিদ্যমান মিটার গেজ লাইনকে ডুয়েল গেজে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে।

সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজশাহী ও বগুড়ার মধ্যে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে রাজশাহী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। এতে উত্তরাঞ্চলের রেল যোগাযোগব্যবস্থা আরও বিস্তৃত ও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।