এস্কেভেটরবাহী ট্রাকের চাপে লামায় বেইলি ব্রিজ ধস

দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন; বিকল্প সড়ক নির্মাণে কাজ শুরু
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় এস্কেভেটরবাহী একটি ভারী ট্রাকের চাপে গজালিয়া-আজিজনগর সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সড়কের দুই পাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গজালিয়া-আজিজনগর সড়কের বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গজালিয়া থেকে আজিজনগরগামী একটি এস্কেভেটরবাহী ভারী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে মুহূর্তের মধ্যে ব্রিজের লোহার পাটাতন ও মূল কাঠামো ধসে পড়ে। এতে ট্রাকটিও ব্রিজের সঙ্গে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই সড়কের উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে দুই ইউনিয়নের বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, আজিজনগর-গজালিয়া সড়কের বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অতীতে অতিরিক্ত পাথর ও বালুবোঝাই ভারী যানবাহনের কারণে এ সড়কের একাধিক ব্রিজ ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। ব্রিজে ওজনসীমা নির্ধারণ এবং ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কার্যকর নজরদারির অভাবে নিয়মিত এসব যান চলাচল করছে।
তাদের দাবি, ভেঙে পড়া ব্রিজটিতেও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে চালক ট্রাকটি ব্রিজে তোলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ক্ষতিগ্রস্ত ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে যান চলাচল সচল রাখতে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সড়ক যোগাযোগ পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।
এদিকে দ্রুত ব্রিজটি সংস্কার করে স্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পরিবর্তে টেকসই স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি।






