১৭ হাজার টাকায়ও সন্তুষ্ট নন পোশাকশ্রমিকরা

১৮ হাজার টাকার দাবিতে অনড় শ্রমিক নেতারা, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরে বাড়তি ব্যয়ের চাপে কারখানার মালিকেরা

টুইট প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নতুন এই মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তিন বছর পর শ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। তবে ঘোষিত মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট নন শ্রমিক নেতারা। তাদের দাবি ছিল অন্তত ১৮ হাজার টাকা।

অন্যদিকে, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নিলেও বাড়তি ব্যয় সামাল দেওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন কারখানার মালিকেরা। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্রমিক নেতাদের মতে, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১৭ হাজার টাকা যথেষ্ট নয়। তারা মজুরি পুনর্বিবেচনার পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের সামঞ্জস্য, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, মালিকপক্ষ উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামোগত সুবিধা এবং ব্যাংকঋণ ও রাজস্বসংক্রান্ত জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিচ্ছে।

ভোটাভুটিতে নির্ধারিত হয় ১৭ হাজার টাকা

নিম্নতম মজুরি বোর্ডের দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার বৈঠকে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারিত হলেও সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। পরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্যদিকে মালিকপক্ষের দুই প্রতিনিধি, নিরপেক্ষ সদস্য ও চেয়ারম্যানসহ চারজন ১৭ হাজার টাকার পক্ষে অবস্থান নেন। ফলে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

বিভিন্ন গ্রেডে মজুরি বেড়েছে

নতুন মজুরি কাঠামোয় সবচেয়ে বেশি বেড়েছে সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে। এ গ্রেডে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে মোট মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

অপারেটরদের দ্বিতীয় গ্রেডে ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে মজুরি হয়েছে ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

এ ছাড়া জুনিয়র অপারেটরদের তৃতীয় গ্রেডে ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে মোট মজুরি দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।

শ্রমিক নেতাদের অসন্তোষ কাটেনি

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিক নেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের দাবি, তিন বছর পর মজুরি সমন্বয় করা হলেও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশিত মজুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত তারা পুরোপুরি মেনে নিতে পারেননি। তাদের দাবি ছিল ১৮ হাজার টাকা। তবে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় আপাতত পরিবর্তনের সুযোগ দেখছেন না তিনি।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও ঘোষিত মজুরিতে সন্তুষ্ট নন। তার মতে, পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পর মজুরি সমন্বয় করা হলেও চূড়ান্ত দরকষাকষিতে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি।

তবে অতীতে সরকারের হস্তক্ষেপে মজুরি পুনর্বিবেচনা ও বাড়ানোর নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা সরকারের কাছে নিজেদের অসন্তোষ ও দাবি তুলে ধরবেন। গেজেট প্রকাশের পর নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে আপত্তি জানানো হবে।

শ্রমিক নেতারা এখন বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের সামঞ্জস্য নিশ্চিত করা এবং যেসব শ্রমিকের বেতন নতুন কাঠামোয় প্রত্যাশার তুলনায় কম বেড়েছে, তাদের অতিরিক্ত দুই হাজার টাকা দেওয়ার বিষয়টি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন।

বাড়তি ব্যয় নিয়ে উদ্বিগ্ন মালিকেরা

শ্রমিকদের মজুরি বৃদ্ধি সময়ের দাবি হলেও নতুন কাঠামো বাস্তবায়নে উৎপাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন পোশাকশিল্পের মালিকেরা।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। তবে ১৭ হাজার টাকা মজুরি মালিকদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বিশেষ করে ছোট কারখানাগুলোর পক্ষে বাড়তি ব্যয় বহন করা কঠিন হতে পারে।

তার মতে, উৎপাদন বাড়ানোর মাধ্যমে বাড়তি মজুরির ব্যয় সমন্বয় করতে হবে। এ জন্য সরকারকে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে হবে। একই সঙ্গে ব্যাংকঋণ ও রাজস্বসংক্রান্ত জটিলতা দূর করা জরুরি।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলও মনে করেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে শ্রমিকদের মজুরি বাড়ানো স্বাভাবিক। তবে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ তৈরি হবে।

তিনি বলেন, এ চাপ মোকাবিলায় উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, বন্দরসেবা, শুল্কায়ন প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়িক ব্যয় কমাতে সরকারের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

উৎপাদন সচল রাখাই বড় চ্যালেঞ্জ

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবারও শ্রমিকদের একাংশ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভের কারণে গাজীপুর ও সাভারে ৮৭টি কারখানা বন্ধ ছিল।

এ পরিস্থিতিতে শ্রমিকদের অসন্তোষ নিরসন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা শিল্পসংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি, অন্যদিকে মালিকদের উৎপাদন ব্যয় সামাল দেওয়ার চাপ,দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, শ্রমিক-মালিকের মধ্যে কার্যকর আলোচনা, সরকারের নীতিগত সহযোগিতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান কঠিন হবে। কারণ, দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতার সঙ্গে শ্রমিকদের জীবিকা ও জাতীয় অর্থনীতি সরাসরি জড়িত।