জাবিতে শুক্রবার বসছে প্রজাপতি মেলা

র্যালি, চিত্রাঙ্কন, কুইজ ও আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা আয়োজন।
টুইট প্রতিবেদক: প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসছে ‘প্রজাপতি মেলা-২০২৬’। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করছে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’
প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় থাকছে র্যালি, পাপেট শো, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
এবারের আয়োজনে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায়
অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে। পাশাপাশি ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকাবিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান জ্যোতি।
মেলায় ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সচিত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। বইটিতে বাংলাদেশের ৫০টি প্রজাতির প্রজাপতির শূককীটের ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির জীবনবৃত্তান্ত এবং শনাক্তকরণে জিনভিত্তিক তথ্য তুলে ধরা হয়েছে।
দিনব্যাপী আয়োজন
মেলার উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এরপর সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত চলবে র্যালি, পাপেট শো ও প্রজাপতির কাগজের শিল্পকর্ম প্রদর্শনী।
সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল ১১টা থেকে দিনব্যাপী চলবে
প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো।
দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত বারোয়ারি বিতর্ক এবং আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রজাপতি চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা দুটি বিভাগে অংশ নিতে পারবে। ‘ক’ বিভাগে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে।
প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা সব শিশু-কিশোরের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’।
প্রজাপতি চেনা প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতির প্রজাতি শনাক্ত করতে হবে। এতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুটি দল অংশ নিতে পারবে। প্রতি দলে থাকবে দুজন শিক্ষার্থী।
চিত্রাঙ্কন, কুইজ, বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে চ্যানেল আই।
প্রকৃতি সংরক্ষণে সচেতনতা তৈরিই মূল লক্ষ্য
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি মেলার উদ্দেশ্য কেবল দর্শনার্থীদের বিনোদন দেওয়া নয়; বরং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি করা।
তিনি জানান, প্রজাপতি ও তাদের পোষক উদ্ভিদ সম্পর্কে মানুষের ধারণা বাড়াতে এবার একটি সচিত্র বই প্রকাশ করা হচ্ছে। এতে প্রজাপতির শূককীট ও পোষক উদ্ভিদ শনাক্তকরণ এবং প্রজাপতির উপযোগী বাগান তৈরির বিষয়ে প্রয়োজনীয় তথ্য থাকবে।
মেলায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।






