ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির নজরদারিতে ড্রোন

গুজব ও নাশকতা ঠেকাতে থার্মাল ডিভাইস, নাইট ভিশন ও ডগ স্কোয়াড মোতায়েন; প্রস্তুত বিশেষ রিজার্ভ প্লাটুন

টুইট ডেস্ক: ডিসেম্বর মাসকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে গুজব, নাশকতা, অবৈধ তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বিশেষ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে একটি মহল সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের বাস্তব প্রতিফলন বা সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, বিজয়ের মাস ডিসেম্বরের তাৎপর্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে। থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াড ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে, যাতে দিন-রাত সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়।

তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আধুনিক ও স্বয়ংক্রিয় সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সীমান্ত টহল ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম বাড়ানো হয়েছে।

সীমান্তে সন্দেহজনক কর্মকাণ্ড বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক।