সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২ হাজার

মজুরি নির্ধারণে দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান; চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মজুরি বোর্ডে চলছে আলোচনা

টুইট ডেস্ক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে অনড় রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা ও দর কষাকষি চলছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত আলোচনা করে মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের ছয় সদস্যের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব তুলে ধরে।

তবে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সোমবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে মঙ্গলবার দুপুর ২টায় পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন বোর্ডের সদস্যরা।