ইউক্রেনকে নিয়ন্ত্রণে রাখতেই ন্যাটোতে আপত্তি পুতিনের: জেলেনস্কি

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, ভূখণ্ড পুনর্দখলের চেয়ে ইউক্রেনকে নিজের প্রভাববলয়ে আটকে রাখাই রাশিয়ার মূল লক্ষ্য।
টুইট প্রতিবেদন: ইউক্রেনকে ন্যাটোর সদস্য হতে বাধা দেওয়ার মাধ্যমে দেশটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে রাশিয়ার আপত্তি মূলত ইউক্রেনের ভূখণ্ড পুনর্দখলের আশঙ্কা থেকে নয়; বরং দেশটিকে রাশিয়ার প্রভাববলয়ের বাইরে যেতে না দেওয়ার উদ্দেশ্যে। তাঁর মতে, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে সামরিক শক্তি প্রয়োগ করে হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের সুযোগ থাকবে না, কারণ তাতে দেশটি তার সহযোগী ও সমর্থকদের হারাতে পারে।
জেলেনস্কি অভিযোগ করেন, ইউক্রেন দুই বা তিন মাসের যুদ্ধবিরতি চাইছে সেনাদের বিশ্রাম, পুনর্বিন্যাস ও পুনরায় অস্ত্রসজ্জার জন্য—পুতিনের এমন বক্তব্য মিথ্যা। তাঁর ধারণা, রুশ প্রেসিডেন্টের লক্ষ্য শীতকালজুড়ে ইউক্রেনকে দুর্বল করে দেওয়া।
তিনি আরও বলেন, পুতিন যদি সত্যিই মনে করেন ইউক্রেন ভবিষ্যতে সামরিক প্রতিশোধ নিতে পারে, তাহলে তাঁর বরং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে বেশি আগ্রহী হওয়ার কথা। কারণ ন্যাটোর সদস্য হলে ইউক্রেন সামরিক উপায়ে ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা করবে না। তবে জেলেনস্কির ভাষ্য, পুতিনের প্রকৃত লক্ষ্য ইউক্রেনের ভূখণ্ড দখল করে রাখা।






