আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কাতার-যুক্তরাষ্ট্রের কৌশলগত সংলাপ

অষ্টম কৌশলগত সংলাপে গাজাসহ মধ্যপ্রাচ্যের সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা।
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে কাতার ও যুক্তরাষ্ট্র। বৈঠকে গাজা, সিরিয়া, লেবানন, ইরান ও আফগানিস্তানের পরিস্থিতি, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ এবং সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই দেশের অষ্টম কৌশলগত সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, সংঘাত নিরসন এবং কূটনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় আসে।
বৈঠকে কাতারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুলআজিজ বিন সালেহ আল খুলাইফি। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের নিকটপ্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লুম।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আলোচনায় দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় হয়। বিশেষ গুরুত্ব পায় গাজা, সিরিয়া, লেবানন, ইরান ও আফগানিস্তানের পরিস্থিতি। পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার সাম্প্রতিক ঘটনাবলিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় মধ্যস্থতা, শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সংঘাত প্রশমন, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি সমন্বিত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সূত্র: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতার দূতাবাস।






