ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ১৪৯ টাকা

২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, কার্যকর সকাল ১০টা থেকে।

টুইট ডেস্ক: টানা কয়েক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সোমবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। আগের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা থেকে বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

তবে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী ক্রেতাকে মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।