বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি

তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার উদ্যোগ, অনুমোদন মিললে কয়েক মাসের মধ্যেই শুরু কার্যক্রম।

টুইট ডেস্ক : দেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ বাড়বে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার পথও আরও বিস্তৃত হবে।

রোববার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা রয়েছে এমন সাতটি শহরে একাডেমি চালুর পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রতিবছর নতুন করে এক বা দুটি একাডেমি যুক্ত করার লক্ষ্যও রয়েছে বোর্ডের।

তিনি জানান, আগামী বোর্ড সভায় এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তামিম ইকবাল বলেন, স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামা বিসিবির উদ্দেশ্য নয়। বরং তাদের সহযোগী হিসেবে কাজ করতে চায় বোর্ড। কারণ, স্থানীয় একাডেমিগুলোই মূলত নতুন ক্রিকেটার তৈরি করে।

সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে বিসিবির একাডেমিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
উদ্যোগটির ব্যয় নিয়েও ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তাঁর ভাষ্য, একাডেমি পরিচালনার জন্য প্রয়োজনীয় মাঠ, ইনডোর সুবিধা ও কোচ রয়েছে। ফলে বিসিবিকে মূলত ক্রিকেট সরঞ্জাম ও পোশাক সরবরাহের খরচ বহন করতে হবে।

ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

দীর্ঘমেয়াদে বয়সভিত্তিক ক্রিকেটের মানোন্নয়ন এবং জাতীয় দলের জন্য দক্ষ ক্রিকেটার তৈরিতেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।