বিমানকর্মীদের হাতেই স্বর্ণ পাচার, ব্যবস্থা নিতে কাস্টমসের চিঠি

জুতার ভেতর ১৬ কোটি টাকার স্বর্ণবারসহ একাধিক চালান উদ্ধার; সাড়ে পাঁচ বছরে শাহজালাল বিমানবন্দরে জব্দ ১ হাজার ৯০২ কেজি স্বর্ণ।

টুইট প্রতিবেদক: কঠোর নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা ও ধারাবাহিক অভিযানের পরও দেশের বিমানবন্দরগুলোতে বন্ধ হচ্ছে না স্বর্ণ চোরাচালান। বরং পাচারের নতুন নতুন কৌশল ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। উদ্বেগজনক বিষয় হলো, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দারা।

এ পরিস্থিতিতে বিমানকর্মীদের সম্পৃক্ততা খতিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংস্থাটি।

গত ২ নভেম্বর এনবিআরের কাস্টমস নীতি ও তথ্যপ্রযুক্তি সদস্যের কাছে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে এসব সুপারিশ করেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান।

তিন ঘটনায় উদ্ধার কোটি কোটি টাকার স্বর্ণ

কাস্টমসের চিঠিতে সাম্প্রতিক তিনটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত ৪ অক্টোবর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৪ কেজি। আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এর আগে ১ অক্টোবর বিমানকর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এক কেজি ৫০ গ্রাম ওজনের এসব স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট বিমানকর্মী ও এক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।

এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে সহকারী কারিগরি সহায়ক মো. শোয়েব গাজীর শরীরে লুকানো অবস্থায় ১২০টি স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১৩ দশমিক ৯২ কেজি।

সমন্বিত নজরদারির তাগিদ

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, স্বর্ণ চোরাচালানে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষকে কর্মীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, বিদেশে যাতায়াতকারী বিমানকর্মীদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন। শুধু বিচ্ছিন্ন অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য সমন্বিত নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের মতে, বিমানবন্দরের নিরাপত্তা, সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকার, কাস্টমস নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করা জরুরি।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা, সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে যোগাযোগ এবং দাপ্তরিক দায়িত্বের অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

সাড়ে পাঁচ বছরে জব্দ ৩ হাজার ৭২৮ কোটি টাকার স্বর্ণ
ঢাকা কাস্টমস হাউসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সাল থেকে সাড়ে পাঁচ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১ হাজার ৯০২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৭২৮ কোটি টাকা।

বছরভিত্তিক হিসাবে, ২০২১-২২ অর্থবছরে প্রায় ৬৯৮ কেজি, পরবর্তী অর্থবছরে ৫৫৫ কেজি, ২০২৩-২৪ অর্থবছরে ৪১৭ কেজি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৯ কেজি স্বর্ণ জব্দ হয়। পরবর্তী সময়ে আরও ৬৩ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানসংক্রান্ত ৬৯৭টি মামলা হয়েছে।

কাস্টমস গোয়েন্দাদের ধারণা, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ চোরাচালানের প্রকৃত চিত্রের তুলনায় অনেক কম। তাদের দাবি, মোট পাচারের ১০ থেকে ২০ শতাংশের বেশি ধরা পড়ে না।

বিমানের ভেতরে লুকানোর নতুন কৌশল

সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চোরাকারবারিরা উড়োজাহাজের কার্গো হোল্ডের প্যানেল বক্স, শৌচাগারের বিভিন্ন অংশ এবং আসনের নিচের মতো সংরক্ষিত জায়গায় স্বর্ণ লুকিয়ে রাখছে। এসব স্থানে সাধারণ যাত্রীদের প্রবেশাধিকার নেই।

গোয়েন্দাদের অভিযোগ, বিমানের কর্মীদের সহায়তা ছাড়া উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশ খুলে সেখানে স্বর্ণ লুকিয়ে রাখা কঠিন। ফলে বিমানকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

অতীতেও ঘটেছে বড় চোরাচালান

বিমানের মাধ্যমে স্বর্ণ পাচারের ঘটনা নতুন নয়। ২০১৩ সালের ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এটি দেশের ইতিহাসে স্বর্ণের অন্যতম বৃহত্তম চালান হিসেবে পরিচিত। ওই ঘটনায় তদন্ত শেষে বিমানের ১০ কর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

এ ছাড়া ২০১৪ সালের ২৫ মার্চ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট থেকে ১০৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।

বারবার অভিযান, বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার এবং মামলা হলেও চোরাচালান পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক ঘটনায় বিমানকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ও অভ্যন্তরীণ জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুধু স্বর্ণ উদ্ধার নয়, পাচারের সঙ্গে জড়িত পুরো চক্র শনাক্ত, অভ্যন্তরীণ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংরক্ষিত এলাকায় কঠোর নজরদারি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।