জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ প্রতিরোধে রাজশাহীতে উচ্চপর্যায়ের বৈঠক

জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ ও প্রশাসনিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনিক, বিচারিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কার্যকর যোগাযোগ বজায় রাখা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদারের বিষয়ে সহমত পোষণ করেন অংশগ্রহণকারীরা।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম, সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম. মাহমুদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মোহাঃ ইমদাদুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।