মাইগভে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

অনলাইনে আবেদনে মিলছে ঋণ, সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন।
টুইট ডেস্ক: বিদেশগামী কর্মীদের আর্থিক সহায়তা সহজ করতে সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ সময়ে ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন। আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন।
শনিবার (২১ নভেম্বর) সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৩ ডিসেম্বর মাইগভ প্ল্যাটফর্মে অভিবাসন ঋণসেবা চালু করা হয়।
এটুআইয়ের তথ্য অনুযায়ী, এ সেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। তবে বিদেশযাত্রার প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় এ সেবা চালু রয়েছে।
আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হতো বিদেশগামী কর্মীদের।
ডিজিটাল সেবা চালুর ফলে এখন ঘরে বসেই ঋণের আবেদন করা এবং আবেদনের অগ্রগতি জানা সম্ভব হচ্ছে।
এতে ব্যাংকে যাতায়াতের ঝামেলা ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীরা সহজেই এ আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। ফলে বিদেশযাত্রার প্রস্তুতিও দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে, আবেদন প্রক্রিয়ায় কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম মাইগভ। এর মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার আবেদন, নির্ধারিত ফি পরিশোধ এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারছেন।
এটুআইয়ের তথ্যমতে, বর্তমানে মাইগভে ৮৪টি সরকারি দপ্তর ও সংস্থার ৪৩৪টি মৌলিক সেবার বিপরীতে ৮২৯টি অনলাইন আবেদন ফরম চালু রয়েছে। এসব সেবার মধ্যে বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন বা অ্যাপোস্টিল সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি সেবা ডিজিটাল হওয়ায় নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সেবার স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। পর্যায়ক্রমে মাইগভ প্ল্যাটফর্মে আরও নতুন সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।






