মাইকেলের গান গেয়ে কণ্ঠ হারান জাফর

‘ডোন্ট স্টপ ’টিল ইউ গেট এনাফ’ গাইতে গিয়ে সাময়িকভাবে কণ্ঠস্বর হারানোর অভিজ্ঞতা জানালেন অভিনেতা।
টুইটপ্রতিবেদক :পপসম্রাট মাইকেল জ্যাকসনের গান গাইতে গিয়ে সাময়িকভাবে কণ্ঠস্বর হারিয়েছিলেন তার ভাতিজা জাফর জ্যাকসন। আসন্ন জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’-এ চাচার চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার গানও গেয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেতা। তবে ১৯৭৯ সালের জনপ্রিয় গান ‘ডোন্ট স্টপ ’টিল ইউ গেট এনাফ’ গাইতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে।
সম্প্রতি ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান জাফর। তিনি বলেন, গানটির দৃশ্য ধারণের সময় কুইন্সি জোনস ও শব্দ প্রকৌশলী ব্রুস সুইডিয়েনের সঙ্গে রেকর্ডিং স্টুডিওতে ছিলেন তিনি। পুরো গানটি উচ্চ স্বরের বিশেষ গায়কিভঙ্গিতে (ফ্যালসেটো) গাওয়ার পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার কণ্ঠস্বর প্রায় হারিয়ে গেছে।
জাফরের ভাষ্য, গানটির উচ্চ স্বরে গাওয়া তার কণ্ঠের জন্য বেশ কঠিন ছিল। তবে মাইকেল জ্যাকসনের গায়কির সঙ্গে তাল মেলানোর চেষ্টা ছিল দারুণ অভিজ্ঞতা।
বিশেষ করে গানটি মাইকেলের নিজের লেখা এবং শুরুর দিকের পছন্দের গানগুলোর একটি হওয়ায় এর প্রতি আলাদা আগ্রহ ছিল তার।
জাফর জানান, গানটি গাওয়ার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, একটি গান তৈরি করতে শিল্পীকে কতটা পরিশ্রম করতে হয়। শ্রোতারা গান উপভোগ করলেও এর পেছনের শ্রম অনেক সময় তাঁদের চোখে পড়ে না।
চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। অ্যান্টনি ফুকোয়া পরিচালিত এবং জন লোগানের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটিতে ১৯৬৯ সালে জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে মোটাউন রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া থেকে শুরু করে বিশ্বসংগীতের শীর্ষ তারকা হয়ে ওঠার গল্প রয়েছে।
চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে শুধু মাইকেলের গান অনুশীলনেই সীমাবদ্ধ থাকেননি জাফর। বরং তার জীবনের বিভিন্ন সময়, আচরণ, গায়কির ধরন ও ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করেছেন তিনি।
মাইকেল জ্যাকসনের মতো বিশ্বসংগীতের কিংবদন্তিকে পর্দায় ফুটিয়ে তোলা জাফরের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি চাচার সৃষ্টিশীলতার গভীরতা উপলব্ধি করারও এক অনন্য সুযোগ হয়ে উঠেছে এই চলচ্চিত্র।






