সুইমিং পুলে অপু বিশ্বাসের নতুন রূপ

কালো সুইমস্যুটে অভিনেত্রীর ছবি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, অল্প সময়েই হাজারো প্রতিক্রিয়া।
টুইট প্রতিবেদক: সুইমিং পুলের নীলাভ জলে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কালো সুইমস্যুটে জলকেলির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পাতায় ছবিগুলো প্রকাশ করেন অপু। ছবিতে কখনো গলা পর্যন্ত পানিতে ডুবে, আবার কখনো বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিগুলোর সঙ্গে মাত্র দুটি শব্দের ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি ‘আমার আমি’।
অপুর এই ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে পোস্টটিতে সাড়ে সাত হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ছয় শতাধিক মন্তব্য জমা পড়ে।
মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর সৌন্দর্য ও নতুন এই উপস্থিতির প্রশংসা করেছেন। কেউ শীতের মধ্যে সুইমিং করার বিষয়ে কৌতুক করেছেন, আবার কেউ তাঁকে ঢালিউডের পছন্দের নায়িকা হিসেবে অভিহিত করেছেন। তবে অনুসারীদের এসব মন্তব্যের কোনো জবাব দেননি অপু।
দীর্ঘদিন ধরেই অভিনয়ে তুলনামূলক অনিয়মিত অপু বিশ্বাস। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। একই সঙ্গে ছেলে আব্রাম খান জয়কে ঘিরেও রয়েছে তাঁর পারিবারিক ব্যস্ততা।
এরই মধ্যে নেপালে ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিং করেছেন এই অভিনেত্রী। তবে সিনেমাটির নায়ক গ্রেপ্তার হওয়ায় এর কাজ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে সিনেমাটির শুটিং কবে শেষ হবে এবং কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা এখনো অনিশ্চিত।
অভিনয়ে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন অপু বিশ্বাস।






