রেলের ‘কালো বিড়াল’ ইউসুফ মৃধার দুই বছরের কারাদণ্ড

১৩ বছর পর নিয়োগ পরীক্ষার নম্বর জালিয়াতির মামলার রায়; আরেক কর্মকর্তার তিন বছর, একজন খালাস
টুইট ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতির মামলায় বহুল আলোচিত ‘কালো বিড়াল’ হিসেবে পরিচিত রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় রেলওয়ের সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে উপস্থিত গোলাম কিবরীয়াকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইউসুফ মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল ইসলাম জানান, ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে রেলওয়ের সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও লেখার ওপর নতুন করে লিখে প্রার্থীদের নম্বর পরিবর্তন করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, চাকরিপ্রার্থী ইব্রাহিম খলিলের লিখিত পরীক্ষার ৪৬ নম্বর কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনের ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তাতে অনুমোদন দেন তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম ইউসুফ মৃধা।
যেভাবে ‘কালো বিড়াল’ পরিচিতি
২০১২ সালে রেলওয়ের দুর্নীতি নিয়ে দেশজুড়ে আলোচনার সূত্রপাত হয় তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তব্যকে কেন্দ্র করে। রেলের দুর্নীতি দূর করতে ‘কালো বিড়াল’ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ওই বছরের এপ্রিলে মন্ত্রীর তৎকালীন ব্যক্তিগত সচিব (পিএস) ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, নিয়োগে ঘুষের ওই টাকা রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন জিএম ইউসুফ মৃধার কাছ থেকে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ওমর ফারুক, ইউসুফ মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হকের নাম আলোচনায় আসে। পরে ইউসুফ মৃধা গণমাধ্যমে ‘রেলের কালো বিড়াল’ হিসেবে পরিচিতি পান। ওই ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রিত্ব হারান এবং ইউসুফ মৃধা চাকরিচ্যুত হন।
আগেও একাধিক মামলায় সাজা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০১৬ সালের আগস্টে ঢাকার একটি আদালত ইউসুফ মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এছাড়া রেলওয়েতে নিয়োগ ও দুর্নীতিসংক্রান্ত দুটি মামলায় ২০১৭ সালের এপ্রিলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত তাকে এবং আরও দুজনকে চার বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। দীর্ঘ ১৩ বছর পর মামলাটির রায় ঘোষণা করা হলো।






