আন্তর্জাতিক শিক্ষায় কৃতিত্ব, পুরস্কার পেলেন ৭৯০ বাংলাদেশি

বিশ্বসেরা ৩২, এশিয়াসেরা ৪ ও দেশসেরা ৪৯ শিক্ষার্থী; মোট পুরস্কার ৮৫৩টি।
টুইট প্রতিবেদক: আন্তর্জাতিক শিক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে বিভিন্ন পর্যায়ে এসব শিক্ষার্থীকে মোট ৮৫৩টি পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৫ সালের অক্টোবর-নভেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও মে-জুন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩২ জন শিক্ষার্থী বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। এ ছাড়া চারজন এশিয়ায় এবং ৪৯ জন বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।
চারটি শিক্ষাস্তরে দেওয়া হয়েছে এ পুরস্কার। এগুলো হলো আন্তর্জাতিক প্রাথমিক, আন্তর্জাতিক নিম্ন মাধ্যমিক, আন্তর্জাতিক জিসিএসই এবং আন্তর্জাতিক এ লেভেল। এর মধ্যে আন্তর্জাতিক প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৩৬ জন, জিসিএসইতে ৫০৬ জন এবং এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের বৈশ্বিক প্রধান ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও ইংরেজি এবং পরীক্ষা বিভাগের প্রধান জুনায়েদ আহমেদ।
যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার আদলে তৈরি পিয়ারসন এডএক্সেলের শিক্ষাগত যোগ্যতা বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত। বাংলাদেশে ২০১২ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশের ৮ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন।
বর্তমানে বাংলাদেশের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে পিয়ারসন এডএক্সেল। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক এ লেভেল পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে প্রতিষ্ঠানটি।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন সাফল্য দেশের শিক্ষার মান, মেধা ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতার ইতিবাচক দিক তুলে ধরছে।






