কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আটক ২৮৮

নিষিদ্ধ সংগঠনের ৬৪ কর্মী আটক, আইনি ব্যবস্থা ২০৭ জনের বিরুদ্ধে।

টুইট প্রতিবেদক: কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন কর্মী রয়েছেন। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ও শুক্রবার (২০ নভেম্বর) জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো.

আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, অপরাধীদের শনাক্ত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।