পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, মিলল ১৮ কোটি টাকা

পাঁচ মাস পর ১৫টি দানসিন্দুক খুলে পাওয়া গেল ৫১ বস্তা টাকা, ১২ ঘণ্টায় গণনা সম্পন্ন।

টুইট ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাস পর মসজিদের ১৫টি দানসিন্দুক খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। টানা ১২ ঘণ্টা গণনা শেষে দানের এই বিপুল পরিমাণ অর্থের হিসাব পাওয়া যায়, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ গণনার চূড়ান্ত হিসাব নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় টাকা গণনা শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়।

সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানসিন্দুকগুলোর তালা খোলা হয়।

টাকা গণনার কাজে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী। সাত সদস্যের একটি উপকমিটির তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য এবং ১০ ব্যাটালিয়ন আনসার সদস্য। গণনা শেষে অর্থ পুলিশি পাহারায় ব্যাংকে পাঠানো হয়।

আগের রেকর্ডও ছাড়াল

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৫টি সিন্দুক থেকে পাওয়া ৪৩ বস্তা টাকা গণনা করে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা পাওয়া যায়। পাশাপাশি মিলেছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রী।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের গণনার আগে মসজিদের তহবিলে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। অনলাইনে দান হিসেবে জমা হয়েছিল আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

স্বর্ণ-রুপাও মিলেছে বিপুল পরিমাণ

প্রায় ছয় বছর পর গত ১২ অক্টোবর মসজিদের সিলগালা করা মূল্যবান সামগ্রীর সিন্দুক খোলা হয়। সেখানে পাওয়া যায় প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।
পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া যায়। স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে।

আড়াইশ বছরের ঐতিহাসিক মসজিদ

প্রায় ২৫০ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এ মসজিদে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার ও নানা সামগ্রীও দান করেন ভক্তরা।

এবারের দানের পরিমাণ শুধু আগের রেকর্ড ভাঙেনি, পাগলা মসজিদের প্রতি মানুষের আস্থা ও ব্যাপক জনসম্পৃক্ততার বিষয়টিও নতুন করে আলোচনায় এনেছে।