খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি

মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের হামলা, তিন রাউন্ড গুলিতে আহত বিএনপি নেতা হাসপাতালে।

টুইট ডেস্ক: খুলনার তেরখাদা উপজেলায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান সরদারকে (৪৭) লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোকামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ি উত্তর মোকামপুরে ফিরছিলেন মাফিজুর রহমান। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।
এতে তার বাম হাত, ডান পা এবং বাম পাঁজরের নিচে গুলি লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

তবে হামলার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।