রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতে পারে: ভূমিমন্ত্রী মিনু

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান; রাজশাহীতে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
টুইট ডেস্ক: রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় হলেও দেশ ও জাতির স্বার্থে প্রয়োজনে জীবন উৎসর্গ করতে পিছপা হয় না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী তথা এ বিভাগের মানুষ হাসতে জানে, আবার প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে।
শনিবার দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তরুণরা বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা তুলে ধরতে পারবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; বরং পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে এগিয়ে যেতে চায়।
রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এ অঞ্চল থেকে অনেক কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছেন। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। এখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে আনন্দময় সময় কাটাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষে তিনি সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে ভরসা তৈরি হবে। একই সঙ্গে সমাজের তরুণ ও কিশোরেরা মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
তিনি বলেন, খেলাধুলার জন্য প্রয়োজনীয় মনোযোগ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারায় সমাজের একটি বড় অংশ পিছিয়ে পড়ছে। ফলে তরুণ ও কিশোরদের অনেকে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে, যার মধ্যে মাদক অন্যতম। পরিবারে একজন মাদকাসক্ত সন্তান থাকলে সেই পরিবারের কী দুরবস্থা হয়, তা সবাই উপলব্ধি করতে পারেন। এ অবস্থা থেকে উত্তরণে এ ধরনের ক্রীড়া কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সম্মানিত করেছেন। এটিকে তিনি একটি অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, একটি জাতি তখনই প্রকৃত অর্থে এগিয়ে যায়, যখন সেই জাতি তার গুণীজনদের যথাযথ সম্মান দেয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুল হক মিলন বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের তরুণ ও কিশোরেরা। দেশের পতাকা হাতে তাদের সামনে এগিয়ে আসতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।






