ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তা চ্যালেঞ্জে বিএনপি সরকার

সহিংসতা মোকাবিলায় কঠোর অবস্থান ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব বিশ্লেষকদের
টুইট ডেস্ক : ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ক্ষমতাসীন বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ালেই হবে না; প্রয়োজন সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান, কার্যকর নিরাপত্তা কৌশল এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ।
গত কয়েক দিনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যদের বাড়ি এবং মুকসুদপুর ও কোটালীপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দোকানপাট ভাঙচুর ও বাজারে হামলার অভিযোগও উঠেছে। নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন এবং গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলায় বাস-ট্রাক পোড়ানো, রেললাইনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন, বিএনপি সরকার কোন পথে এগোতে চায়, সে বিষয়ে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতিগত অবস্থান স্পষ্ট না হওয়ায় চলমান পরিস্থিতি মোকাবিলার কৌশল মূল্যায়ন করাও কঠিন বলে মন্তব্য করেন তিনি।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলায় বিএনপির এক জনসভায় তিনি বলেন, দেশের মানুষ নিরাপত্তা, স্বস্তি ও অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে ২০২৪ সালের আন্দোলনে গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে কঠোর হতে হবে। তাঁর মতে, সরকার কঠোর অবস্থান নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব। ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণাকে বড় রাজনৈতিক হুমকি হিসেবে দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালের আন্দোলনের মতো ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে সঙ্গে নিয়ে চলমান অপচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিসেম্বরে বিএনপির চার কর্মসূচি
ডিসেম্বর মাসে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে এসব কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহর মতে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করছে এবং সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে তারা স্বাভাবিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।






