বুবলীর প্রযোজনায় নতুন যাত্রা, পাশে চাইলেন দর্শকদের

প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
টুইট প্রতিবেদক: অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র প্রযোজনায়ও নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।
এই অর্জনের আনন্দ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির পোস্টার প্রকাশের পাশাপাশি নিজের নতুন উদ্যোগের জন্য সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।
এক পোস্টে বুবলী জানান, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ হিসেবে ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচনের কথাও জানান তিনি।
নতুন এই অর্জনকে নিজের পথচলায় আনন্দ ও অনুপ্রেরণার উপলক্ষ হিসেবে দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, আগামী দিনে আরও ভালো ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চান। এ জন্য সবার ভালোবাসা দিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া বুবলীর প্রযোজনায় এই যাত্রা তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ করল। ‘ঠিকানা’র উৎসবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে নতুন পরিচয়ে তাঁর পথচলাও শুরু হলো।






