পরাজিত শক্তিকে জনগণের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে: রিজভী

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান এক

টুইট ডেস্ক : অন্যের পদতলে আত্মসমর্পণ করা পরাজিত শক্তিকে দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র‍্যালির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। এ দিন প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।

স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন তিনি। রিজভী বলেন, বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন।

নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে রিজভী বলেন, পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই। যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে, তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে।

কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধাঞ্জলি র‍্যালিতে অংশ নেন।