রুনা খানের হাতে এশিয়ার মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার

প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতি, ১৪তম বাংলাদেশি হিসেবে অর্জন এই সম্মাননা।

টুইট প্রতিবেদক: এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘র‍্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের সমাজ উন্নয়নকর্মী ও ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ৬৮তম আসরে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রুনা খানের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই। এর আগে গত ১১ নভেম্বর এক উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানে নিজের কর্মজীবন, অভিজ্ঞতা ও সমাজ উন্নয়নের দর্শন তুলে ধরেন তিনি।

রুনা খান এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ১৪তম বাংলাদেশি হিসেবে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন। ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এ পুরস্কার চালু করা হয়। সাহস, সততা, জনসেবা এবং মানব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, এ স্বীকৃতি তিনি বাংলাদেশের প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছেন। ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টা এবং সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং অন্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সম্ভাবনা তৈরির দায়িত্বও এর সঙ্গে জড়িত। এমন একটি সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।

দুই দশকের মানবিক উদ্যোগে ফ্রেন্ডশিপ
রুনা খানের মানবিক কর্মকাণ্ডের সূচনা ১৯৯৭ সালে। সে সময় যমুনা-ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে গিয়ে তিনি নদীভাঙন, বন্যা ও বারবার বাস্তুচ্যুতির শিকার মানুষের জীবনসংগ্রাম প্রত্যক্ষ করেন। এসব অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধার অভাব তাকে নতুন উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করে।

এর ধারাবাহিকতায় ২০০২ সালে প্রতিষ্ঠা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করে সংস্থাটি। দুই দশকের বেশি সময়ে সেই উদ্যোগ বিস্তৃত হয়ে সমন্বিত সামাজিক উন্নয়ন কার্যক্রমে রূপ নিয়েছে।

বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীবিকা উন্নয়ন, নাগরিক সেবা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ফ্রেন্ডশিপ। সংস্থাটির কার্যক্রমের আওতায় প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি

ফ্রেন্ডশিপের উন্নয়ন কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো জলবায়ু, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা ও ভৌগোলিক প্রতিবন্ধকতাকে সমন্বিতভাবে বিবেচনা করা। এ লক্ষ্যেই সংস্থাটি ‘সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান’ নামে একটি বিশেষ উন্নয়ন কাঠামো তৈরি করেছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে বিভিন্ন দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্থাটি। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ, প্রতিটি পর্যায়ে স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এ পুরস্কার অর্জনের কৃতিত্বও রয়েছে সংস্থাটির।

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার প্রদানকারী ফাউন্ডেশনের মতে, বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রুনা খানের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগ বিশেষভাবে প্রশংসনীয়।

মানবিক নেতৃত্ব, দূরদর্শিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শনের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।