মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু

দুই দিনে প্রাণহানি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৮০; জনস্বাস্থ্য সতর্কতা জারি।

টুইটপ্রতিবেদক :ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদ পান করে দুই দিনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। রাজ্যটির চান্দেল জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় মদ পানে নিষেধাজ্ঞার পরামর্শ

ঘটনার পর জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে সংগ্রহ করা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয় পান না করার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

]বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় সরবরাহ করা সন্দেহজনক পানীয় থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, মদ পানের পর কারও বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে দায়ীদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের রাজধানী ইম্ফল থেকে চান্দেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। চিকিৎসক দলটিতে সাধারণ চিকিৎসাবিশেষজ্ঞরা রয়েছেন।

বিষাক্ত মদের উৎস, সরবরাহব্যবস্থা এবং এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।