প্রধানমন্ত্রীর জন্মদিনে ১ হাজার এতিমকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মাদ্রাসায় খাবার আয়োজন, এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে খেয়েছেন প্রতিমন্ত্রী
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা থেকে টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
জুমার নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।






