কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, আহত ২

লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু বিস্ফোরিত হয়ে দুজনের পা ক্ষতিগ্রস্ত; হাসপাতালে চিকিৎসাধীন।
টুইট প্রতিবেদক: কুষ্টিয়া শহরে ভাঙারির মালামালভর্তি বস্তা খোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতাসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে শহরের মজমপুর রেললাইনের পাশে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শহরের কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (৩৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। সুমন ভাঙারি বিক্রেতা এবং রুহুল আমিন ওই দোকানের ক্রেতা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভাঙারির মালামাল বস্তায় ভরে বিক্রির জন্য দোকানে নিয়ে আসেন সুমন। পরে বস্তাভর্তি মালামাল ওজন করার পর সেগুলো নিচে ঢেলে দেন তিনি। এ সময় বস্তা থেকে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে সুমন ও রুহুল আমিন দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, বিস্ফোরণে আহত সুমন ও রুহুল আমিনকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বিস্ফোরণে দুজনের পা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুমনের ডান পায়ের ক্ষত বেশি এবং বাম পায়ের ক্ষত তুলনামূলক কম। অন্যদিকে রুহুল আমিনের পায়ের আঘাত অপেক্ষাকৃত কম।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পায়ে আঘাত লেগেছে।
ওসি আরও জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ ও বস্তুর পরিচয় জানতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






