দুর্গাপুরে আওয়ামী লীগের অবরোধের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

সকাল থেকে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের অবস্থান, মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের অবস্থান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলটি দুর্গাপুর জিয়া চত্বর থেকে শুরু হয়ে ফাজিল মাদ্রাসা, দুর্গাপুর উপজেলা মোড় ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রামাণিক।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি একেএম মোহাইমেনুল হক রেন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঝালুকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাইনুল হক, জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদ, খাইরুল ইসলাম, মানিক, আব্দুল্লাহ বাবু এবং দুর্গাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিমন।
সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন বিএনপির উদ্যোগেও অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা।






