ইউক্রেনে ৫০০-এর বেশি ড্রোন-ক্ষেপণাস্ত্র, নিহত ৮

এক রাতেই চার শতাধিক ড্রোন ও ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; কিয়েভের তিন সেতুসহ বিদ্যুৎ ও রেল অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি।
টুইট প্রতিবেদক: ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে চার শতাধিক ড্রোন ও ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, রেলপথসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় হামলা হিসেবে বৃহস্পতিবারের এই আক্রমণকে উল্লেখ করেছেন তিনি।
ইউক্রেনের প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আটজনের মধ্যে ছয়জন রাজধানী কিয়েভের এবং দুজন পশ্চিমাঞ্চলীয় লভিভের একটি রেলস্টেশনে প্রাণ হারিয়েছেন।
কিয়েভের তিন সেতুতে হামলা
রুশ হামলায় রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুগুলো হলো পোদিলস্কো-ভোসক্রেসেনস্কি, দারনিতস্কি ও পিভদেনি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, এসব সেতু রাজধানীর দুই প্রান্তের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের ব্যক্তিগত গাড়িতে কর্মস্থলে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন তিনি।
হামলার সময় রাজধানীজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তার জন্য অনেক বাসিন্দা মেট্রো স্টেশনে আশ্রয় নেন।
বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয়
হামলায় ইউক্রেনের একাধিক বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্কসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। অন্যদিকে জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকের তথ্য অনুযায়ী, কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
কিয়েভের একটি পানি সরবরাহ স্থাপনায় হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। এতে চারটি জেলায় পানির চাপ কমে গেছে। কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কাও জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া রুশ হামলায় বেশ কয়েকটি এলাকার রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উক্রজালিজনিৎসিয়া।
প্রতিশোধের হুঁশিয়ারির পরই হামলা
বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন। চার দিনের মধ্যে সেতুটিতে এটি ছিল তৃতীয় হামলা।
ঘটনার পর চীনের শেনঝেনে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা শুরু করে রুশ বাহিনী।
জেলেনস্কির দাবি, ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা ছিল দেশটির বিভিন্ন অবকাঠামোতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের জবাব।
তিনি আরও অভিযোগ করেন, রুশ বাহিনী ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। উদ্ধারকাজ ও জরুরি সেবা ব্যাহত করতে কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ধাপের মধ্যে ২০ থেকে ৩০ মিনিট বিরতি রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রায় সবগুলোই প্রতিহত করা হয়েছে। পাশাপাশি চার শতাধিক আক্রমণকারী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এই হামলায় বেসামরিক প্রাণহানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে।






