ট্রাম্পের সঙ্গে পুতিন ও শির পৃথক বৈঠক

ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় গুরুত্ব পাচ্ছে পুতিনের সঙ্গে সাক্ষাৎ।

টুইট প্রতিবেদক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে কোনো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে দুই নেতার সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ট্রাম্পের এশিয়া সফর ঘিরে তিন নেতার সম্ভাব্য যৌথ বৈঠক নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত পৃথক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছেন ট্রাম্প। এর আগে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল। তবে সেই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।

এদিকে বুধবার রাতে শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে পুতিনকে করমর্দনের মাধ্যমে স্বাগত জানান ট্রাম্প। দুই নেতার শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যও ভিডিওতে ধারণ করা হয়।

চীন সফরের আগে বুধবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দিনের কর্মসূচি শুরু করেন ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশের মধ্যে বড় ধরনের সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

পরে চীনের শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সাধারণত বিমানবন্দরে উপস্থিত হন না চীনা প্রেসিডেন্ট। সে বিবেচনায় শি জিনপিংয়ের এ উপস্থিতিকে বিরল কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শেনজেনে পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও পৃথক বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে শেইনবম আলোচনাকে ‘খুব ভালো’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, এপেক সম্মেলনে দেওয়া ভাষণে শি জিনপিং শেনজেনের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন। কয়েক দশক আগের ছোট্ট মাছধরা গ্রাম থেকে শহরটি বর্তমানে উদ্ভাবন ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে উল্লেখযোগ্য সুফল পাওয়ার প্রত্যাশা করছেন পুতিন।

বিশ্লেষকদের দৃষ্টিতে, তিন নেতার পৃথক বৈঠক হলেও এসব আলোচনা আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্যিক সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।