গাজায় ফের স্থল অভিযান শুরু ইসরায়েলের

দুই বছর বিমান হামলার পর মধ্য গাজায় ট্যাংক মোতায়েন, চলছে গোলাবর্ষণ ও বিমান হামলা।
টুইট প্রতিবেদক: দীর্ঘ দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ নভেম্বর) থেকে গাজার মধ্যাঞ্চলে এ অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে হামাস নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি ট্যাংক মোতায়েনের খবর পাওয়া গেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংকের অবস্থান দেখতে পান। পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সঙ্গে যৌথভাবে এ স্থল অভিযান পরিচালনা করা হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে অবস্থিত একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই অভিযানের মূল লক্ষ্য। হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথ ইসরায়েলি সেনাদের জন্য সরাসরি ও বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে আইডিএফ।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরায়েল। এই রেখার মাধ্যমে গাজার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা ও হামাস নিয়ন্ত্রিত অঞ্চল পৃথক করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যান চলাচলের পাশাপাশি দুপুর থেকে গোলাগুলি ও বিমান হামলাও অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতির পর নতুন করে স্থল অভিযান শুরু হওয়ায় মধ্য গাজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শরণার্থী শিবির ও বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি






