বিদেশে বসে নির্দেশনা নয়, দেশে ফিরে নেতৃত্ব দিন: শাহে আলম

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য প্রতিমন্ত্রীর

টুইট ডেস্ক: বিদেশে বসে টেলিফোনের মাধ্যমে নির্দেশনা বা উসকানি না দিয়ে দেশে ফিরে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, এ দেশে যারা তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করবে কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

তিনি বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিদেশ থেকে টেলিফোনের মাধ্যমে দেওয়া নির্দেশনা বা উসকানিতে কাউকে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, যারা বিদেশে বসে দূর থেকে নির্দেশনা দিচ্ছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়া উচিত।

মোকামতলায় উন্নয়ন পরিকল্পনা

অনুষ্ঠানে মোকামতলা এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা এবং মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ সড়ক প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে অনুষ্ঠানে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বাড়িতে বাড়িতে নিমগাছের চারা ও মগ বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকার প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেককে গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। একই সঙ্গে নিজেদের বাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্ব দিতে হবে।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।