বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ঘোষণা পুলিশ সুপারের, দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবানে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান পুলিশ লাইন্সে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি)-এর আওতায় এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ লাইন্সের প্রবেশদ্বারে আবেদনকারী প্রার্থীদের উচ্চতা পরিমাপ করা হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের পুলিশ লাইন্সের ড্রিলশেডে শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।
এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মো. আসলাম শাহাজাদা। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, পিপিএম-সেবা এবং রাঙামাটি পার্বত্য জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার।
এ সময় বান্দরবান পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম শেষে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের সুপারিশ, তদবির কিংবা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকারি নির্ধারিত ফি ছাড়া অন্য কাউকে কোনো অর্থ প্রদান করতে হবে না।
পুলিশ সুপার প্রার্থীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণ বা প্রদানের বিষয়ে সতর্ক করেন।
তিনি নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।







