শামীম ওসমানের বাড়িতে আগুন, ফটকে ছবি সাঁটিয়ে বিক্ষোভ

১৫-২০ যুবকের মিছিল ও স্লোগান, স্থানীয়দের বাধায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা।
টুইট প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল যুবক বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়ির ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতেও আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক এ ঘটনা ঘটান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যুবকেরা মিছিল নিয়ে এসে বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ভেতরের অংশেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, যুবকদের আগুন দেওয়ার চেষ্টা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাধা দেন। পরে তাঁরা বাড়ির বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলায় শামীম ওসমানের এই দোতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন উত্তর চাষাঢ়া এলাকায় তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাজনৈতিক উত্তেজনার মধ্যে একই বাড়িতে বারবার অগ্নিসংযোগের ঘটনা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।






