রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ, যাচাই করা হচ্ছে পুরোনো নথিপত্র
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র ও রেকর্ড যাচাই-বাছাই করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধান করা হচ্ছে।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী জানান, নথিপত্র যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে দুদক।







