রাজশাহীতে উদ্ধার হওয়া ৬১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফোন বুঝিয়ে দিল জেলা পুলিশ; হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ মালিকদের
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জনসেবায় পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।”
এদিকে, শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে মালিকরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ফোন হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






