জননিরাপত্তায় সাত জেলায় বিজিবির ৯৬ প্লাটুন মোতায়েন

প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত পাঁচ প্লাটুন

টুইট ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পাঁচ প্লাটুন সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মোতায়েন করা সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।