রওজা শরিফ জিয়ারতে নতুন সময়সূচি, নুসুক অ্যাপে অনুমতি বাধ্যতামূলক

পুরুষ ও নারীদের জন্য পৃথক সময় নির্ধারণ, ৩৬৫ দিনে একবার মিলবে জিয়ারতের অনুমতিপত্র
বিশ্ব ডেস্ক: সৌদি আরবের পবিত্র মদিনায় মসজিদে নববির রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের জন্য নতুন সময়সূচি ও প্রবেশবিধি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন নিয়মে নারী ও পুরুষের জন্য জিয়ারতের সময় আলাদা করা হয়েছে। একই সঙ্গে রওজা শরিফে প্রবেশের জন্য নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে আগাম অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি প্রতি ৩৬৫ দিনে একবার জিয়ারতের অনুমতিপত্র নিতে পারবেন। তবে মসজিদে নববির আশপাশে অবস্থানরত ব্যক্তিদের জন্য ভৌগোলিক অবস্থান যাচাইয়ের মাধ্যমে তাৎক্ষণিক অনুমতি পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ক্ষেত্রেও বছরে একবার অনুমতি নেওয়ার নিয়ম প্রযোজ্য।
পুরুষদের জিয়ারতের সময়সূচি
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন।
শুক্রবার জিয়ারতের সময় নির্ধারণ করা হয়েছে রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত।
নারীদের জিয়ারতের সময়সূচি
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন।
শুক্রবার নারীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত।
অনুমতিপত্র সংগ্রহ ও প্রবেশের নিয়ম
রওজা শরিফে প্রবেশের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময় নির্বাচন করে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। অ্যাপে পুরুষ ও নারীদের জন্য পৃথক সেবা রয়েছে। আবেদনকারীকে নিজের তথ্য দিয়ে প্রবেশ করে উপলব্ধ সময়ের মধ্য থেকে পছন্দের সময় বুকিং করতে হবে।
সৌদি কর্তৃপক্ষের ২০২৫ সালের ৫ ডিসেম্বরের ঘোষণায় বলা হয়েছিল, নুসুকের মাধ্যমে প্রতি ৩৬৫ দিনে একবার অনুমতিপত্র নেওয়া যাবে। মসজিদে নববির কাছাকাছি অবস্থানকারীদের জন্য অবস্থান যাচাই সাপেক্ষে তাৎক্ষণিক প্রবেশের ব্যবস্থার কথাও জানানো হয়েছিল। তবে বুকিংয়ের ক্ষেত্রে অ্যাপে প্রদর্শিত সর্বশেষ নির্দেশনাই অনুসরণ করতে হবে।
প্রবেশের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখতে হবে-
– নুসুক অ্যাপ থেকে আগাম অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
– বুকিং নিশ্চিত হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে।
– অনুমতিপত্রের কিউআর কোড ও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
– প্রবেশের সময় কর্তৃপক্ষের নির্দেশিত পথ ও নিরাপত্তাবিধি অনুসরণ করতে হবে।
– বয়স্ক ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ব্যবহারের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানতে হবে।
কর্তৃপক্ষের ঘোষণায় রওজা শরিফে প্রবেশের জন্য মসজিদে নববির দক্ষিণ দিকের প্রাঙ্গণ দিয়ে মক্কা গেট (৩৭) সংলগ্ন নির্ধারিত পথ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
জিয়ারতকারীদের জন্য বিশেষ পরামর্শ
বাংলাদেশ থেকে ওমরাহ বা হজ পালনে সৌদি আরবে যাওয়া যাত্রীদের মদিনায় পৌঁছানোর আগেই নুসুক অ্যাপে প্রবেশের অনুমতিপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করা উচিত। বিশেষ করে পছন্দের সময়ে স্লট না পাওয়া গেলে বিকল্প সময় নির্বাচন করতে হবে।
জিয়ারতের সময় ভিড় এড়ানো, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং অন্য মুসল্লিদের অসুবিধা না করার বিষয়েও সতর্ক থাকতে হবে। সময়সূচি ও প্রবেশবিধি পরিবর্তিত হতে পারে বলে যাত্রার আগে নুসুক অ্যাপের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এ ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো মসজিদে নববিতে জিয়ারতকারীদের চাপ নিয়ন্ত্রণ, নারী-পুরুষের জন্য পৃথক সময় নিশ্চিত করা এবং সুশৃঙ্খল পরিবেশে ইবাদতের সুযোগ তৈরি করা।






