শীতের আগেই লেপ-তোশক তৈরির ধুম ঝালকাঠিতে

পুরোনো বিছানা মেরামতের পাশাপাশি নতুন লেপ-তোশকের অর্ডার, ১ হাজার ৮০০ টাকা থেকে শুরু লেপ তৈরির খরচ।

টুইট প্রতিবেদক: শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। তবে সন্ধ্যার হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় মিলছে শীতের আগমনী বার্তা। আর শীতের তীব্রতা বাড়ার আগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন ঝালকাঠির বাসিন্দারা। কেউ পুরোনো লেপ-তোশক মেরামত করছেন, কেউ আবার নতুন করে তৈরি করছেন। ফলে শহরের তুলাপট্টির ধুনুরিপাড়ায় বেড়েছে কারিগর ও ব্যবসায়ীদের ব্যস্ততা।

শনিবার (১৪ নভেম্বর) ঝালকাঠি শহরের তুলাপট্টি ঘুরে দেখা যায়, দোকানগুলোর সামনে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের তুলা। কোথাও লেপের কাপড় মাপা হচ্ছে, কোথাও তুলা পরিষ্কার ও ধুনার কাজ চলছে। কারিগররা কেউ তুলা বিছাচ্ছেন, কেউ সেলাই করছেন। পাশাপাশি পুরোনো লেপ, তোশক ও বালিশ মেরামতের কাজও করছেন তারা।

স্থানীয় বাজারে ৪ ফুট বাই ৫ ফুট মাপের ৬ কেজি ওজনের একটি লেপ তৈরি করতে খরচ হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। অন্যদিকে সাড়ে ৪ ফুট বাই সাড়ে ৫ ফুট মাপের একটি তোশক তৈরিতে প্রয়োজন হচ্ছে ১৬ কেজি তুলা, যার খরচ প্রায় ২ হাজার ৩০০ টাকা। শিমুল তুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫০ টাকায়।

ক্রেতাদের অনেকে নতুন বিছানা তৈরির পাশাপাশি পুরোনো লেপ-তোশক মেরামত করাচ্ছেন। এতে নতুন বিছানা কেনার তুলনায় খরচ কম হচ্ছে। শীত বাড়ার পর দোকানগুলোতে ভিড় ও কাজের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি সারছেন তারা।

তবে কাজের ব্যস্ততা বাড়লেও প্রত্যাশিত আয় হচ্ছে না বলে অভিযোগ কারিগরদের। তাদের ভাষ্য, একটি লেপ বা তোশক তৈরিতে তুলা ধুনা, কাপড়ের মধ্যে সমানভাবে বিছানো এবং সেলাইসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। দীর্ঘ সময় পরিশ্রমের বিপরীতে মজুরি তুলনামূলক কম।

কারিগর সুকেন হালদার জানান, সাড়ে ৪ ফুট মাপের ৬ কেজি ওজনের একটি লেপ তৈরি করে তিনি মজুরি পান মাত্র ৩৫০ টাকা। অন্যদিকে ৪ ফুট বাই ৫ ফুট মাপের ১৬ কেজি ওজনের একটি তোশক তৈরিতে পান ৪০০ টাকা। এই আয়ে সংসার চালানো কঠিন বলে জানান তিনি। তাছাড়া নিয়মিত কাজও পাওয়া যায় না।

ব্যবসায়ীরা বলছেন, এখনো ঝালকাঠিতে শীতের তীব্রতা তেমন বাড়েনি। তাই গত বছরের তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে নতুন লেপ-তোশক তৈরির অর্ডার এবং পুরোনো বিছানা মেরামতের চাহিদা বাড়বে বলে আশা করছেন তারা।

লেপ-তোশক তৈরির অর্ডার দেওয়া ক্রেতা নাইম হাওলাদার জানান, তিনি দুটি তোশক ও একটি লেপ তৈরির অর্ডার দিয়েছেন। পাশাপাশি পুরোনো বালিশও মেরামত করাচ্ছেন। তার মতে, গত বছরের তুলনায় এবার লেপ-তোশক তৈরির খরচ তেমন বাড়েনি। তাই আগেভাগেই প্রয়োজনীয় বিছানা তৈরি করে নিচ্ছেন।

আলম অ্যান্ড সন্স সৌদি বেড সাপ্লাইয়ের স্বত্বাধিকারী মো. খালিদ বিন আলম বলেন, শীত এখনো পুরোপুরি শুরু না হলেও আগাম প্রস্তুতি হিসেবে অনেকে নতুন লেপ-তোশক তৈরি করছেন। পুরোনো বিছানা মেরামতের জন্যও ক্রেতারা আসছেন। পণ্যের দাম আগের মতো থাকলেও গত বছরের তুলনায় ক্রেতা কিছুটা কম।

অন্যদিকে সোহেল বেড সাপ্লাইয়ের স্বত্বাধিকারী শাহরিয়ার খান সোহেল জানান, শীত পুরোপুরি শুরু না হলেও লেপ-তোশক তৈরির অর্ডার আসতে শুরু করেছে। শীতের প্রকোপ বাড়লে দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।

সব মিলিয়ে শীতের আগমনী বার্তায় ঝালকাঠির তুলাপট্টিতে ফিরেছে লেপ-তোশক তৈরির কর্মচাঞ্চল্য। তবে মৌসুমের কাজের চাপ বাড়লেও কারিগরদের ন্যায্য মজুরি ও নিয়মিত কর্মসংস্থানের বিষয়টি এখনো বড় উদ্বেগ হয়ে রয়েছে।