মৌসুম শুরুর পর সেন্টমার্টিনে একদিনে সর্বোচ্চ ১,৭৫৪ পর্যটক

চার জাহাজে পর্যটকদের যাত্রা, ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকের ঢল নামার আশা।

টুইট প্রতিবেদক: পর্যটন মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার থেকে চারটি জাহাজে করে দ্বীপটিতে গেছেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। গত ৫ নভেম্বর জাহাজ চলাচল শুরুর পর এটিই এক দিনে সর্বোচ্চ পর্যটক যাত্রার রেকর্ড।

শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ। চলতি মৌসুমে প্রথমবারের মতো যাত্রী নিয়ে যাত্রা শুরু করে এমভি মালঞ্চ। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

জাহাজভিত্তিক হিসাবে, ৮৫০ আসনের এমভি বারো আউলিয়ায় গেছেন ৫৯৩ জন, ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ৫০০ জন এবং সমান আসনসংখ্যার এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন। অন্যদিকে, ৬০০ আসনের এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন পর্যটক।

জাহাজটির পরিচালক আব্দুস সাত্তার জয় জানান, প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন করেই এমভি মালঞ্চের যাত্রী পরিবহন শুরু হয়েছে। মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এদিকে দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের তুলনামূলক বেশি ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপটি সরাসরি ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মাদারীপুরের কালকিনি থেকে পরিবার নিয়ে সেন্টমার্টিন যাচ্ছেন সৈয়দুল হক। তিনি জানান, ভিডিওতে দ্বীপটির সৌন্দর্য দেখেছেন। এবার প্রথমবারের মতো সরাসরি সেখানে যাওয়ার সুযোগ পেয়ে সমুদ্রযাত্রাকে রোমাঞ্চকর মনে হচ্ছে।

অন্যদিকে, সিরাজগঞ্জের পর্যটক ওসমান আলী বলেন, ছুটি কাটাতে ৬ থেকে ৭ ঘণ্টার সমুদ্রযাত্রা করতে হচ্ছে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসার সুযোগ থাকলেও এখন তা নেই। পাশাপাশি জাহাজভাড়াও কিছুটা বেশি।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে ভ্রমণপ্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, চলতি মাসে শুক্র ও শনিবারের মতো ছুটির দিনগুলোতে মোটামুটি ভালোসংখ্যক পর্যটক দ্বীপে যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের প্রবণতা দেখে আগামী মাসে প্রতিদিনই নির্ধারিত পর্যটকসংখ্যার কোটা পূরণ হওয়ার আশা করছেন তাঁরা। অনুমোদন পাওয়া পাঁচটি জাহাজের মধ্যে চারটি চলাচল শুরু করেছে। বাকি জাহাজটিও শিগগিরই যাত্রী পরিবহন শুরু করবে।

সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী জানান, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটক কম থাকলেও ডিসেম্বরের জন্য প্রায় সব হোটেল ও রিসোর্টে অগ্রিম বুকিং হয়ে গেছে।

এবার পর্যটকদের ভ্রমণে পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি দ্বীপে প্রবেশের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েছে একাধিক বিধিনিষেধ। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও করা যাবে না।

এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

সরকারি নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করতে পারবেন। এ সময়ে পর্যটকদের দ্বীপে রাত্রিযাপনেরও সুযোগ রয়েছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, পরিবেশ সংরক্ষণের বিধিনিষেধ মেনে পর্যটন কার্যক্রম পরিচালিত হলে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি পর্যটনশিল্পেও ইতিবাচক গতি আসবে।