জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়নের আহ্বান প্রতিমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক সহায়তার ওপর গুরুত্ব
টুইট ডেস্ক : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি পর্যাপ্ত ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন হতে হবে পূর্বানুমানযোগ্য, স্বচ্ছ ও ন্যায্য।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) ব্লু জোনে অবস্থিত নেপাল প্যাভিলিয়নে এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১ : টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’ শীর্ষক বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও দিল্লি ঘোষণা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা খাদ্যনিরাপত্তা, জীবিকা, কৃষি, অবকাঠামো এবং টেকসই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু অভিযোজন, প্রশমন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনুদানভিত্তিক অর্থায়ন বাড়াতে হবে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা না চাপিয়ে অর্থায়ন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর করতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ রূপান্তর হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। একই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানি নিরাপত্তা বিবেচনায় রাখতে হবে।
সংসদ সদস্যদের ভূমিকা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, সরকারি ব্যয়ের তদারকি, অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্তে স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত হওয়াও জরুরি।
‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।






