গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, নারীসহ গ্রেপ্তার ৪

ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৬ বছর বয়সী সিহাব রানাকে হত্যার অভিযোগ; উদ্ধার হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদাগাড়ী মডেল থানার লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মো. হাবিবুল বাসার শিমুল ও তাঁর স্ত্রী মোসা. জোহুরা বেগম। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে মো. সুজন এবং বাগানপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো. আ. হালিম।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর নিহত সিহাব রানার বাবা মো. সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী জেলা পুলিশ।