গোবিন্দের জীবনে নতুন নারী, ফের সংসার ভাঙার গুঞ্জন

মারাঠি অভিনেত্রী কোমল রানির সঙ্গে রোম্যান্টিক দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনা।
টুইট প্রতিবেদক: বলিউড অভিনেতা গোবিন্দের দাম্পত্যজীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদের গুঞ্জন এবং মামলা প্রত্যাহারের ঘটনার মধ্যেই মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তাঁর রোম্যান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’।
কোমল রানির সঙ্গে গোবিন্দের সম্পর্ক নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। মাসখানেক আগে গণেশ উৎসবের সময় কোমলকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজা দেখতে গিয়েছিলেন অভিনেতা। তখন কোমলের সিঁথিতে সিঁদুর দেখা যাওয়ায় তাঁদের গোপনে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ‘রূপা’ নামের একটি সিনেমায় গোবিন্দ ও কোমলের অভিনীত কয়েকটি রোম্যান্টিক দৃশ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। এরপরই মন্তব্যের ঘরে শুরু হয় সমালোচনা। অনেকেই গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বিষয়টিকে প্রচারণার কৌশল বলেও মন্তব্য করেন।
এ ঘটনায় নজর কেড়েছে অভিনেত্রী রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়াও। গোবিন্দ ও কোমলের রোম্যান্টিক দৃশ্য দেখে রাগের প্রতীক প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অনেকেই গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।
এদিকে গোবিন্দ ও সুনীতা বর্তমানে একসঙ্গে বসবাস করছেন না বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তাঁদের বিচ্ছেদের মামলা নিয়েও একসময় ব্যাপক চর্চা হয়। তবে পরে সেই মামলা প্রত্যাহার করে নেন সুনীতা।
সম্প্রতি গোবিন্দ স্ত্রীকে নিজের ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, তাঁদের পরিবারে বিচ্ছেদের কোনো জায়গা নেই। একইভাবে সুনীতাও বলেছিলেন, তাঁদের কেউ আলাদা করতে পারবে না।
সব মিলিয়ে গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। তবে কোমল রানির সঙ্গে তাঁর সম্পর্কের প্রকৃত অবস্থান কিংবা ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।






