এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন ১ লাখ ৫৮ হাজার

১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখের বেশি শিক্ষার্থী।
টুইট প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিশেষ পুনঃপরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। দেশের ১০টি শিক্ষা বোর্ডের পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এসব শিক্ষার্থীর ফরম পূরণ ও আবেদন সম্পন্ন হয়েছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, এখনো একটি শিক্ষা বোর্ডের চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
শিক্ষামন্ত্রীর ঘোষণার পর ফল প্রকাশের এক মাসের মধ্যে বিশেষ এ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। গত ৫ নভেম্বর শুরু হওয়া ফরম পূরণ কার্যক্রম চলে ৯ নভেম্বর পর্যন্ত। বর্তমানে পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন এক বা দুই বিষয়ে পাস করতে পারেননি। এ বছর সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে।
বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পর তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত বিশেষ পরীক্ষা আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথমার্ধে এ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।
তবে ১০টি শিক্ষা বোর্ডে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২৬৮ হলেও একটি বোর্ডের তথ্য এখনো বাকি রয়েছে। ফলে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে।






